দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে দেশের উন্নয়নের স্বপ্ন টেকসই হবে না।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আন্দালিভ রহমান বলেন, দেশের উন্নয়নে মানসম্মত পরিবর্তন আনতে হলে ভালো ও যোগ্য মানুষকে নেতৃত্বে আসতে হবে। গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় সংকট তৈরি হয়েছে এবং ভালো ও মেধাবী তরুণদের একটি অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। এতে রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে অনাস্থাও তৈরি হয়েছে।
তিনি বলেন, রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো উপাদান থাকলেও দক্ষ নেতৃত্ব না থাকলে যেমন ভালো ফল পাওয়া যায় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।
মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন উন্নয়নের অংশ হলেও দেশের এখন প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর এ জন্য ভালো মানুষকে নেতৃত্বে নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবী তরুণদের রাজনীতিতে আসার পথ তৈরি করা। তরুণদের উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য অনুকূল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
বরিশালের রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পর পর্যন্ত এ অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন। শেরেবাংলা এ কে ফজলুল হকসহ বরিশালের বহু নেতা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, তরুণরা ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি দেশের মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন, সেটিই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।
মন্ত্রী আরও বলেন, সরকার হয়তো অনেক কিছু তৈরি করে যেতে পারে, কিন্তু যোগ্য ও ভালো নেতৃত্ব তৈরি করতে না পারলে সেগুলো ধরে রাখা সম্ভব হবে না। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য দক্ষ ও সৎ রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।