টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারা পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরে পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তন এবং নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়।
জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ নৌকায়, আবার কেউ কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে সহায়তার জন্য ভেতরেও নৌকার ব্যবস্থা করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।