মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে’ মিল কর্মসূচি চালুর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে’ মিল কর্মসূচির উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা যেন নিজেদের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত করার সুযোগ পায়, সেই লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা, বৃত্তি কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা পূরণে সরকার পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে ‘মিড-ডে’ মিল কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।