অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন, যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়।
শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী অক্টোবর মাসে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। তিনি বলেন, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রয়োজন না পড়ে।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ৫০০ শয্যার ভবন চালু হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। এর ফলে দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ নিউরোসায়েন্সেস হাসপাতাল।
এর আগে ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হলো।