বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।
রোববার (১৪ জুন) পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশকে অবহিত করা হয়।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশ সদরদপ্তর, দুদক বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।