জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় দায়ের হওয়া মো. মুক্তার হোসেন হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে, মমতাজকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে, মমতাজের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
গ্রেপ্তারের আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন এবং পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী ও ভিকটিম মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়কে আন্দোলনে অংশ নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিবর্ষণে তিনি রাবার বুলেটে আহত হন এবং পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মমতাজকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
লোকসংগীতের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।