চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী চারজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. আরাফাত। তিনি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, গত বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচি চলাকালে তাকে ডেকে নিয়ে মারধর করা হয়।
আরাফাত দাবি করেন, সাদিক আব্দুল্লাহ, আরমান মজুমদার, তাওসিফ রেজা ও আব্দুল্লাহ তামিম তাকে বিজ্ঞান ভবনের সামনে নিয়ে গিয়ে মারধর করেন। পরে মারতে মারতে কলেজ গেট পর্যন্ত নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় এক পথচারী ভিডিও ধারণ করলে অভিযুক্তরা তাকে ভিডিওটি মুছে ফেলতে বাধ্য করেন। পাশাপাশি তাকে জোর করে একটি লিখিত বক্তব্য পড়ে ভিডিও ধারণ করা হয় বলেও দাবি করেন তিনি।
মারধরের কারণ হিসেবে আরাফাত বলেন, শিবির-সংশ্লিষ্ট একটি ফেসবুক পোস্টে মন্তব্য করে নিজেকে ছাত্রদলকর্মী হিসেবে পরিচয় দেওয়ার পর থেকেই বিরোধের সৃষ্টি হয়। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে নিয়ে একটি পোস্টের বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান তিনি।
ঘটনার পর অভিযুক্ত চারজনের বিরুদ্ধে জিডি করেছেন বলে জানান আরাফাত।
কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, মারধরের পর আরাফাতকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে। তার পায়ের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
তবে মহসিন কলেজ শিবিরের নেতা ইয়াসিন পারভেজ অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযুক্তদের কেউ শিবিরের সঙ্গে সম্পৃক্ত নন। অভিযুক্ত আরমান মজুমদারও ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
ঘটনার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।