সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ১২ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু ও উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে মো. মনিরুজ্জামানের হাত থেকে ফুলের মালা গ্রহণ করে বিএনপিতে যোগ দেন ১২ জন। আয়োজকদের দাবি, তারা সবাই গাজী নজরুল ইসলামের অনুসারী ও জামায়াতের কর্মী ছিলেন।
যোগদানকারীরা হলেন—কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী ও তৌহিদুর রহমান বাবু।
পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির নেতারা দাবি করেন, যোগদানকারীরা আগে গাজী নজরুল ইসলাম ও জামায়াতের পক্ষে কাজ করতেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
সভায় বিএনপি নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। নতুন সদস্যদের দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে রাজনীতি করার আহ্বান জানান তারা।