বগুড়া জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে ১২ বছর বয়সী শ্যালিকাকে অপহরণের অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী লাবণ্য আক্তার। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে পলাতক রয়েছেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৩ জুন) দিবাগত রাতে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ জুন দুপুর ৩টার দিকে সুমন রেজার ১২ বছর বয়সী শ্যালিকা প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় পরদিন শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, প্রাইভেট পড়তে যাওয়ার পথে কনস্টেবল সুমন রেজা মোটরসাইকেলে করে ওই কিশোরীকে নিয়ে যান। এ ঘটনায় গত ১২ জুন শাজাহানপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন কিশোরীর বড় বোন ও সুমন রেজার স্ত্রী লাবণ্য আক্তার।
পুলিশ জানায়, অভিযুক্ত কনস্টেবল সুমন রেজাকে খুঁজে বের করতে অভিযান চলছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে, সুমন রেজার বিরুদ্ধে আগেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। গত ১৫ মে তিনি আরও তিন কনস্টেবলের সঙ্গে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বগুড়া চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে মোটরসাইকেলসহ নিয়ে যাওয়ার অভিযোগে আলোচনায় আসেন। তবে সে ঘটনায় লিখিত অভিযোগ না হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, ‘কনস্টেবল সুমন রেজা পলাতক রয়েছেন। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’