গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন জামায়াত-শিবিরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে জামায়াত-শিবির আওয়ামী লীগের চেয়েও এগিয়ে।
বৃহস্পতিবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় আহত হওয়ার একটি ছবি জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে প্রচার করছেন। তার দাবি, ছবিটি এমনভাবে ছড়ানো হচ্ছে যেন তিনি কোনো অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়ে অনেকে তাকে ফোন ও বার্তা দিয়ে জানতে চাইলে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।
এক স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, “জামায়াত থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই। আওয়ামী লীগের চরিত্র পুরোপুরি রপ্ত করতে পারার জন্য জামায়াতকে অসংখ্য ধন্যবাদ। অন্তত এই যাত্রায় তারা আওয়ামী শূন্যতা পূরণ করতে পেরেছে।”
একই দিনে দেওয়া আরেকটি পোস্টে তিনি আরও বলেন, “জামায়াত-শিবির এত ঘৃণ্য আগে বুঝিনি। ওরা যুক্তিতে না পেরে মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যা ও প্রোপাগান্ডায় ওদের কাছে আওয়ামী লীগ শিশু।”
রাশেদ খাঁনের এসব মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।