বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী। তিনি দাবি করেন, অতীতের তুলনায় বর্তমানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেও প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
সাক্ষাতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্পিত সম্পত্তি আইনসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়।
পূজা উদযাপন পরিষদের নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নিয়োগের দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
আলোচনায় গাইবান্ধার পলাশবাড়ীতে হরিদাস চন্দ্র রামমন্দির নির্মাণ এবং অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তীর বক্তব্যের বিষয়ও উঠে আসে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।