মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় দুই সরকারপ্রধানের একান্ত বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
একান্ত বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দুই প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হবে।
দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
এ সময় মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন।