জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নতুন উদ্যোগ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (১০ জুন) ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের নয়টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের সদস্যরা রয়েছেন।
তিনি জানান, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিভিন্ন মিশনে ২৯৪ জন নারী সদস্য দায়িত্ব পালন করছেন।
ওয়াকার-উজ-জামান বলেন, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে এবং বর্তমানে এ খাতে একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা বৃদ্ধি এবং নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ আরও বাড়াতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।