নড়াইলের লোহাগড়া উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে সেলিম শেখ (২৬) নামের এক ইজি বাইকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (৬ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) বিকেলে লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ী গ্রাম থেকে ১৩ বছর বয়সী ওই কিশোরীকে ইজি বাইকে তুলে নিয়ে যান অভিযুক্ত সেলিম। পরে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীকে লুটিয়া বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যান তিনি।
পরবর্তীতে ভুক্তভোগীর মা আদরী বেগম শনিবার (৬ জুন) দুপুরে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।