রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকার তীব্র যানজট নিরসনে দ্রুত অস্থায়ী বাস ডিপো নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ না করে পুনর্বাসনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ’ বিষয়ক তৃতীয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করেন।
তারা জানান, রাজধানীর প্রধান তিন প্রবেশদ্বার ও টার্মিনাল এলাকা—মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানে যানজট কমাতে বাসগুলো যাতে সড়কে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে জন্য অস্থায়ী বাস ডিপো তৈরি করা হবে।
হকার ব্যবস্থাপনা বিষয়ে প্রশাসকেরা বলেন, জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে হকারদের হুট করে উচ্ছেদ না করে পরিকল্পিতভাবে পুনর্বাসন করা হবে। এর মাধ্যমে সড়ক ও ফুটপাত যানজটমুক্ত রাখার পাশাপাশি তাদের কর্মসংস্থানও নিশ্চিত করা হবে।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান। তিনি জানান, বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে গঠিত তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
তিনি আরও জানান, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে আগামী সপ্তাহে শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে। বৈঠকে এই প্রযুক্তির কার্যকারিতা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে।