লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে খাদিমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত খাদিমুল উপজেলার পূর্ব আমঝোল গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বনচৌকি ক্যাম্পের ইনচার্জ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৮টার দিকে সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে যান খাদিমুলসহ স্থানীয় কয়েকজন। এ সময় ভারতীয় পাগলিমারি বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদিমুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, নিহত খাদিমুলের মাথায় গুলির চিহ্ন রয়েছে। মরদেহ বর্তমানে বিজিবির বনচৌকি ক্যাম্পে রাখা হয়েছে। পরে মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।