দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।
ফল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে পাশে বসে থাকা মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাকে বুকে জড়িয়ে অভিনন্দন জানান। পরে বিভিন্ন দলের সংসদ সদস্যরাও নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করে শুভেচ্ছা জানান।
এ সময় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান মির্জা ফখরুলের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি তার কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানান এবং তার জন্য দোয়া করেন।
মুজিবুর রহমানের এই শুভেচ্ছা জানানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। এর মধ্যে ৩৪৩ জন ভোট দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।