ভূমিসেবা নিতে গিয়ে জনগণের অযথা হয়রানি বন্ধে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেবা দেওয়া জনগণের প্রতি কোনো করুণা নয়, বরং এটি সরকারের দায়িত্ব।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ের ভূমিভবনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জনগণ যেন সহজে ও দ্রুত ভূমিসেবা পেতে পারে, সে লক্ষ্যেই সরকার ডিজিটাল ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে। একটি আধুনিক ভূমি ব্যবস্থা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার নির্বাচনী ইশতেহার ও ‘জুলাই সনদ’-এর প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। জনগণের সঙ্গে করা ওয়াদা বাস্তবায়নের রাজনীতি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার লক্ষ্য হলো আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং ডিজিটাল ভূমিসেবা সহজলভ্য করা। মঙ্গলবার শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে।