র্যাব বিলুপ্ত হওয়ার পর গঠন হতে যাওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সঙ্গে র্যাবের কোনো সংযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব বিলুপ্ত হওয়ার পর রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে বিদ্যমান সম্পদ নতুন সংস্থায় হস্তান্তর করা হবে। তবে নতুন এসআরবি কোনোভাবেই র্যাবের পুনর্গঠন নয় বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি জানান, র্যাব বিলুপ্ত করা সরকারের নির্বাচনী ইশতেহার ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকারের অংশ ছিল। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সময়ের প্রয়োজন বিবেচনায় নতুন একটি বাহিনী গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই প্রয়োজন থেকেই এসআরবি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিরোধী দলের নোট অব ডিসেন্টে বিলটি দ্রুত পাসের সমালোচনার জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, আইনটি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পরামর্শ করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া প্রকাশের পর সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে বিলটি উত্থাপনের পর চার-পাঁচ কার্যদিবস আলোচনা হয়েছে এবং স্থায়ী কমিটিতেও বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। বাইরের অংশীজনদের কাছ থেকে পাওয়া মতামতও বিবেচনায় নেওয়া হয়েছে।
স্থায়ী কমিটির প্রতিবেদনে বিরোধী সদস্যদের প্রস্তাব অনুযায়ী কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।