গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। পোস্টে ছাত্রশিবিরকে উদ্দেশ করে সহিংসতামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শোভন বিএনপি-জামায়াত এবং ছাত্রদল-ছাত্রশিবিরের বর্তমান সম্পর্ককে ‘কুসুম কুসুম প্রেম’ বলে উল্লেখ করেন।
একই পোস্টে তিনি লেখেন, অতীতে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘পায়ের রগ কাটার’ অভিযোগ ছিল এবং সন্ত্রাস প্রতিরোধে প্রয়োজনে ‘দুই-একটি রগ কেটে ইতিহাস তৈরি’ করা উচিত। পাশাপাশি চট্টগ্রাম শিবিরের আলোচিত নেতা নাসিরকে পুনরায় সক্রিয় হওয়ার আহ্বান জানান বলেও অভিযোগ উঠেছে।
পোস্টটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে সামিউল হাসান শোভন দাবি করেন, এটি তার ব্যক্তিগত মতামত। এর সঙ্গে গণ বিশ্ববিদ্যালয় বা গকসুর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি বলেন, পোস্টটি দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণ ছিল।
এদিকে, শিক্ষার্থী ও ছাত্রপ্রতিনিধিদের একাংশ এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন। আইন বিভাগের শিক্ষার্থী প্রিন্স সম্রাট মুস্তাকিম বলেন, একজন নির্বাচিত ছাত্রপ্রতিনিধির এমন বক্তব্য দায়িত্বশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ব্যক্তিগত মন্তব্যের দায়ভার ছাত্র সংসদ বহন করবে না। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বক্তব্যে সংযম থাকা প্রয়োজন।
অন্যদিকে গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. নির্জন অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য সহিংস রাজনীতিকে উৎসাহিত করে এবং তা গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, সাত বছর পর অনুষ্ঠিত গকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল থেকে এজিএস নির্বাচিত হন সামিউল হাসান শোভন। যদিও জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেলেও তিনি বরাবরই সংগঠনটির সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন।