জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জনগণ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েই সরকার ও সংসদ সদস্যদের নির্বাচিত করেছে।
শনিবার (২৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে বিশ্বাস করে। তিনি নিজের অবস্থান থেকে দেশের ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নেই। যেকোনো সফলতা বা বিদেশ সফর থেকে যদি ইতিবাচক কোনো অর্জন হয়ে থাকে, তবে তা ব্যক্তিগত নয়—এটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।
সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।