ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনে মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্যাংকারের ভেতরের তেল অক্ষত রয়েছে বলে জানা গেছে।
রেলওয়ের মোবারকগঞ্জের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী মালগাড়ি সাফদারপুর স্টেশনে পৌঁছালে পেছনের তিনটি ট্যাংকারের নয়টি চাকা লাইনচ্যুত হয়।
এর ফলে খুলনা থেকে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। উদ্ধার কাজের জন্য খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। সেটি পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও গত ২১ মে একই এলাকায় আরেকটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল।