ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া ব্যক্তিরাই জাতির প্রকৃত শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ধর্ম, বর্ণ, ভাষা কিংবা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করেন, দেশে যেমন কিছু গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, তেমনি প্রতিবেশী দেশেও বিভেদের রাজনীতি বিদ্যমান।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সব ধরনের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উল্টো রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই বাংলাদেশের অন্যতম শক্তি।
উল্লেখ্য, জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী দিন হলো উল্টো রথযাত্রা। গত ১৬ জুলাই শুরু হওয়া এ উৎসব শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়।