যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে বিশেষ টিমটি অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে একটি অভিযোগ দুদকে জমা পড়ার পর যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের বিষয়গুলো রয়েছে বলে জানা গেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আসিফ মাহমুদ ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। শুরুতে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও পান।
২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। একই বছরের শেষ দিকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন তিনি। বর্তমানে তিনি দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।