আগামী পাঁচ বছরে দেশজুড়ে বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি জানান, চক্ষুস্বাস্থ্যের উন্নয়নে আগামী পাঁচ বছরে সরকার ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মাধ্যমে প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনার পাশাপাশি ছানি অপারেশন ও চশমা বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনের কনফারেন্স রুমে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইএনজিও ফোরাম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে এ অর্থ বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চিকিৎসাসেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, কর্মসূচির আওতায় দেশের স্কুলশিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী চশমা সরবরাহ এবং অন্যান্য চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. এম এ মুহিত আরও বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশজুড়ে চক্ষুস্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়ানো হবে।
অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির, আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) এবং ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।