দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ওয়ান গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আজকে তোমাদের পরীক্ষার বিষয়ে বসব। আমরা আলোচনা করব কীভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলোর সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি।’
তিনি আরও বলেন, ‘তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন দশ বছর স্কুলিং, বারো বছর স্কুলিং হয় এবং কোনো সেশনজট না থাকে। তোমরা যেন পিছিয়ে না পড়ো। সেই জন্য আজকে আমরা বসব, আলোচনা করে সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যেটা করা দরকার সেটাই করব।’
পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন পরীক্ষা সুন্দর হচ্ছে। কারণ সবাই সুন্দর পরীক্ষা চায়। পরীক্ষা পদ্ধতিকে আরও শৃঙ্খলিতভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, বর্তমান পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সরকার কাজ করছে।