দেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগী করে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু উচ্চশিক্ষা দিয়ে বেকারত্ব বাড়ানো যাবে না। শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ার বিষয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে নকল বা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের আওতায় শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন উদ্যোগগুলো দেশের শিক্ষাব্যবস্থাকে আরও দক্ষ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করে তুলবে।