নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর এক সাবেক নেতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।
এর আগে শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— হত্যা মামলার এক নম্বর আসামি শোয়াইব রহমান সোহেব (৪২) এবং ১০ নম্বর আসামি মো. সুমন (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় বন্দর উপজেলার সালেহনগর এলাকায় টাকা লেনদেন সংক্রান্ত সালিশ বৈঠকের সময় হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেনকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান জানান, গ্রেপ্তার শোয়াইব রহমান সোহেব একসময় এনসিপির বন্দর উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তবে পরবর্তীতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আইনগত কার্যক্রম শেষে দুই আসামিকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।