লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুরে নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকার একটি আবাসিক স্থানে এই হামলা চালানো হয়।
ঘটনার পর মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। একইসঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।