শুধু আইন প্রয়োগ ও শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মাদকের বিরুদ্ধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, এর ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদকের বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মাদক প্রতিরোধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ইতিবাচক ফল ভবিষ্যতে পাওয়া যাবে। মাদক যে একটি ক্ষতিকর বিষয়, তা মানুষের কাছে তুলে ধরাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
এ সময় মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে সাংবাদিকদের মাদকের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফায়সাল আমিনসহ সামাজিক সংগঠনের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।