প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে তিনি রওনা হন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরে কিশোরগঞ্জ সদরসহ তিনটি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ, জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে অনুদান ও সম্মানি প্রদান।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সফরের শুরুতে সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মৎস্যচাষিদের মাঝে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান করবেন তিনি।
সফর শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় ভৈরব ও কুলিয়ারচরে একাধিক পথসভা ও জনসভায় অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম কিশোরগঞ্জ সফর করছেন তিনি। এর আগে গত ২২ জানুয়ারি ভৈরবে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।