দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দুর্গত মানুষের উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১০ জুলাই) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় সাধারণ মানুষ ও গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, প্রতিটি ইউনিটে রেসকিউ টিম প্রস্তুত রাখা, স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রে যাওয়া পরিবারের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া বন্যা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণে অংশগ্রহণ, ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠন এবং টাইফয়েড, ডায়রিয়া ও আমাশয়সহ বিভিন্ন রোগ প্রতিরোধে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সার্বিক কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় পরিচালিত সব কার্যক্রমের তথ্য ইউনিটভিত্তিক কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।