ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
নতুন দায়িত্বে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ১৯৭৪ সালের ১ অক্টোবর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অপু। নির্বাচনের কয়েক দিন আগে প্রচারণার মিছিলে হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় এবং নির্বাচনী এলাকায় আর প্রচারণায় অংশ নিতে পারেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলামকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।