ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই বহিরাগত অতিথির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর হল প্রশাসন ইব্রাহীম খলিলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করেছে এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।
জানা গেছে, গত ২৭ জুলাই ইব্রাহীম খলিলের কক্ষে থাকা দুই অতিথির বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুই যুবককে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে ও ক্ষমা চাইতে দেখা যায়।
ইব্রাহীম খলিলের রুমমেট ও হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী দাবি করেন, ওই দুই অতিথিকে কক্ষে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। তিনি জানান, ঘটনার ভিডিও ধারণ করা হলেও বিষয়টির সংবেদনশীলতার কারণে পুরো ভিডিও প্রকাশ করা হয়নি।
এদিকে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ইব্রাহীম খলিল জানান, ঘটনাটি তার কক্ষে ঘটলেও তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় আসা পরিচিত ব্যক্তিদের মানবিক কারণে কক্ষে থাকার অনুমতি দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। ঘটনার সময় তিনি কক্ষে ছিলেন না বলেও জানান।
তিনি অভিযোগের বিষয়ে নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহযোগিতা করার কথা জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে নিশ্চিত হতে তার পক্ষ থেকে একটি অডিও কল রেকর্ড সরবরাহ করা হয়েছে। সেখানে এক অতিথিকে ঘটনার বিষয়ে বক্তব্য দিতে শোনা যায় বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে শহীদুল্লাহ হলের এজিএস পদে জয়লাভ করেন ইব্রাহীম খলিল। তিনি সংগঠনটির সক্রিয় কর্মী বলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জানিয়েছেন।
শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূইয়া জানান, উদ্ভূত পরিস্থিতিতে ইব্রাহীম খলিলের বরাদ্দকৃত সিট সাময়িক বাতিল করা হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
হল সংসদের সাধারণ সম্পাদক তৌকির হাসান জানান, এজিএস ইব্রাহীম খলিলের কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে। তার ও রুমমেটের বক্তব্য পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনায় শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। শনিবার রাতে একদল শিক্ষার্থী হল প্রাঙ্গণে জমায়েত হয়ে বিক্ষোভ করেন।