পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের চার দিন পর বাকপ্রতিবন্ধী শিশু জিহাদ (৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে। চাকরির কারণে পরিবারের সঙ্গে ঢাকার সাভারে বসবাস করলেও ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে জিহাদের নানার বাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে যান।
পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (৩১ মে) বিকেল ৫টার দিকে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল জিহাদ। কিছুক্ষণ পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন তার বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চারদিন ধরে খোঁজাখুঁজির পর বুধবার সকালে নানার বাড়ির পাশের একটি পুকুরে জিহাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।