রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল ও বিক্ষোভের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে কলেজ গেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আকস্মিকভাবে মিছিল বের করেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে এবং ১০ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।