বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর শনিবার (৪ জুলাই) সকালে প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রামে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেশি। ভবিষ্যতে এই নগরী দেশের অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে এবং এবারের বাজেটেও সেই সম্ভাবনার প্রতিফলন ঘটেছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।