আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে হাম আক্রান্ত হয়ে আসা শিশুদের বেশিরভাগই টিকা নেয়নি। এ কারণে এখনো হাম হচ্ছে। শিশুদের হাম থেকে সুরক্ষায় টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ব্যাপকভাবে টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে গণসচেতনতা তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে। সম্মিলিত সহযোগিতা ছাড়া দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার পরিবর্তে ২৫১ শয্যায় উন্নীত করার দাবি জানান। তিনি বলেন, রূপগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের বসবাস হলেও সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মানুষকে ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়।