রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর মির্জা ফখরুল আর এমপি বা মন্ত্রী থাকবেন না। তখন থেকে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। শূন্য হওয়া আসনে পরবর্তীতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোট দেওয়া প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে তার দল জামায়াতে ইসলামীই বলতে পারবে।
এদিকে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি ও সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।