চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়। বীজগুলো কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের কথা থাকলেও তা নির্ধারিত সময়ে বিতরণ করা হয়নি বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির এবং একই সঙ্গে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ মাদ্রাসা পরিদর্শনে গিয়ে সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান। পরে কক্ষটি খুলে সেখানে ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বীজগুলো পাঠানো হয়েছিল। আরও ১৫ দিন আগে এসব বীজ কৃষকদের মধ্যে বিতরণের কথা ছিল। তবে কেন তা বিতরণ করা হয়নি এবং কীভাবে বীজগুলো একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের বিতরণের জন্য তাদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। বাকি বীজ মাদ্রাসায় রাখা হয়েছিল এবং ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ জানান, উদ্ধার করা বীজ স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।