কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং হতাহতের প্রকৃত সংখ্যা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।