যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া নিবিড়ভাবে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন উভয় দেশের সরকারপ্রধান।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, “যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা করি।”
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
একান্ত বৈঠকের পর বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দুই প্রধানমন্ত্রী।
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা অংশ নেন।