২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেওয়া লাইসেন্সের মধ্যে ৭ হাজার ৩০৮টি শটগান, ৫ হাজার ৩৪৭টি পিস্তল, ৫৯৪টি রিভলভার, ৯৪৮টি রাইফেল এবং অন্যান্য শ্রেণির ৫ হাজার ৪৪৪টি আগ্নেয়াস্ত্র রয়েছে।
সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এবং বছরভিত্তিক এর হিসাব জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৬৪ জেলার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেওয়া লাইসেন্সের বছরভিত্তিক তথ্য সংগ্রহ করে পাঠাতে হবে। এ কারণে সময় প্রয়োজন হওয়ায় প্রশ্নটির আংশিক উত্তর দেওয়া হয়েছে।