অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আইপিএল ইস্যু সত্ত্বেও ভারত-বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং এর কোনো নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। তিনি বলেছেন, দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় পদক্ষেপ নেওয়া হয় না।
রোববার (১১ জানুয়ারি} সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ বশিরউদ্দীন বলেন, ‘পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক পদক্ষেপ নেওয়া হয়েছে, এটার কোনো প্রভাব এসেছে কি না সেটি আমরা যাচাই করছি।’
একই অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন ঘটনা সাধারণত দ্বিপক্ষীয় বাণিজ্যে কোনো প্রভাব ফেলে না। তবে গত মে মাসে ভারত বাংলাদেশ থেকে রপ্তানি স্থগিত করায় আমাদের রপ্তানি কমেছে। তিনি বলেন, ‘আমরা কোনো পাল্টা পদক্ষেপ নেই। ভারতে পাট রপ্তানি বন্ধের পদক্ষেপ আমাদের দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান নিশ্চিত করার জন্য করা হয়েছে, অন্য দেশের ক্ষতি করার জন্য নয়।’
উভয় কর্মকর্তা এও জোর দিয়ে বলেন, বাংলাদেশের নীতি সবসময় দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে নেওয়া হয় এবং কোনো দেশের ক্ষতি করার উদ্দেশ্য কখনো থাকে না।