দেশের বাজারে সোনার দাম আবারও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (১২ জানুয়ারি) বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন এই মূল্যতালিকার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে।
এর আগে সর্বশেষ ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ উঠেছিল ভরিতে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। নতুন ঘোষণায় সেই রেকর্ড ভেঙে আরও বেড়েছে দাম।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক বাজারে সোনা ও রুপার দামের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।