বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের অবশিষ্ট নিয়োগের মেয়াদ বাতিল করা হয়েছে।
গভর্নর পরিবর্তনের বিষয়ে বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রয়োজনীয়তার নিরিখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নতুন সরকারের নিজস্ব অগ্রাধিকার ও কর্মসূচি রয়েছে। সরকারের লক্ষ্য ও চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ বাস্তবায়নের জন্য এই পরিবর্তন আনা হয়েছে।’
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, এই পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, প্রশাসনের বিভিন্ন স্তরেই রদবদল হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও পরিবর্তন হতে পারে। সরকারের নতুন কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।