গেল বছরের শুরুতে হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের শুরু করলেও এক বছরের মধ্যেই সেই সংসারে ভাঙনের সুর উঠেছে।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বিয়ের কয়েক মাস না যেতেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। ধীরে ধীরে সেই দূরত্ব বাড়তে থাকে এবং গত কয়েক মাস ধরেই তারা আলাদা বসবাস করছেন।
এ বিষয়ে এবার আনুষ্ঠানিকভাবে একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। পত্রিকাটির সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’
তাহসান আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন না। তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু ভুয়া খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন মনে করেছেন।
তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম। সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। বিচ্ছেদের আগে প্রায় দুই বছর তারা আলাদা ছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।