বাংলাদেশে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে জরুরি পরিদর্শন করেছেন ভারতীয় সেনা ও সীমান্ত বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলোনিয়া মহকুমায় অনুষ্ঠিত এই পরিদর্শনে আসাম রাইফেলস এবং সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা অংশ নেন।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ এখনো পুরোপুরি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হয়নি। সীমান্তের এই গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও অভিযানমূলক প্রস্তুতি যাচাই করাই ছিল পরিদর্শনের মূল লক্ষ্য।
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বেলোনিয়ার একটি সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। তিনি সামনের সারিতে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং ভারতীয় সেনা, আসাম রাইফেলস ও বিএসএফের সদস্যদের বাড়তি সতর্কতা ও পেশাদারিত্বের জন্য প্রশংসা করেন।
পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সামনের সারিতে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন ও ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফের সদস্যদের বাড়তি সতর্কতা ও পেশাদারিত্বের জন্য প্রশংসা করেন।
পূর্বাঞ্চলীয় কমান্ড থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনাসদস্যদের দৃঢ় অঙ্গীকার ও প্রস্তুতিকে স্বীকৃতি দিয়েছেন সেনা কমান্ডার।
বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের ওপর মন্তব্য এবং অভিযোগভিত্তিক কার্যক্রমের পর এই পরিদর্শনের তাৎপর্য আরও বেড়ে গেছে।