ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জারি করা মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্য সংশোধন করে শনিবার একটি সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণা সংবলিত গত ১১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটে আংশিক সংশোধন আনা হয়েছে।
ইসি জানায়, গেজেটের ১৩৩০৫ নম্বর পৃষ্ঠার দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লিখিত ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন’ শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হিসেবে আগে উল্লেখিত ‘২১–২৭ পৌষ, ৫–১১ জানুয়ারি, সোমবার–রোববার’-এর পরিবর্তে নতুন করে নির্ধারণ করা হয়েছে ‘২১–২৫ পৌষ, ৫–৯ জানুয়ারি, সোমবার–শুক্রবার’।
এ ছাড়া গেজেটের ১৩৩০৬ নম্বর পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির সময়সূচিতে সংশোধন আনা হয়েছে। সেখানে আগে উল্লিখিত ‘২৮ পৌষ–৪ মাঘ, ১২–১৮ জানুয়ারি, সোমবার–রোববার’-এর পরিবর্তে এখন ‘২৬ পৌষ–৪ মাঘ, ১০–১৮ জানুয়ারি, শনিবার–রোববার’ সময়কাল নির্ধারণ করা হয়েছে।
ইসি জানিয়েছে, সংশোধিত এই প্রজ্ঞাপন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।