ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে স্পষ্ট তথ্য নেই। এটি জানার জন্য বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে যে সে দেশের বাইরে চলে গেছে—এর কোনো নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি আরও বলেন, অপরাধীদের অবস্থান নিয়ে অনেক সময় বিভ্রান্তি ছড়ানো হয়।
হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না—এ বিষয়ে তিনি জানান, এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি, তবে সঠিক তথ্য পেতে তদন্ত চলছে।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। ব্যক্তিগত উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে সক্রিয় ছিলাম এবং সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছে। হত্যাকাণ্ডকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।